খাগড়াছড়ি প্রতিনিধি: “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
১৪ মে বুধবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজসেবামূলক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী ওল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; সঠিক পরিচর্যা, শিক্ষা ও সামাজিক সহমর্মিতার মাধ্যমে অটিজমসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। তাদের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার মো. মেহেদী হাসান, খাগড়াছড়ি সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ওমর ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।