প্রেস বিজ্ঞপ্তি: খাগড়াছড়িতে শিক্ষক ও জেলা ছাত্রদল নেতা উজ্জ্বল মারমার ওপর ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলা, মানসিক নির্যাতন ও পরিবারকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’
পার্বত্য খাগড়াছড়ি জেলায় শিক্ষক এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদল সদস্য, মারমা ঐক্য পরিষদ নেতা উজ্জ্বল মারমার ওপর অবৈধ ও সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ)-এর কর্মীদের অতর্কিত হামলা, চরম মানসিক নির্যাতন এবং তাঁর পরিবারকে দেওয়া প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জীবন চাক এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে জীবন চাক বলেন, “শিক্ষক সমাজের আলো ছড়ান এবং যুব সমাজ দেশের ভবিষ্যৎ। একজন শিক্ষক ও রাজনৈতিক নেতার ওপর সন্ত্রাসী গোষ্ঠীর এই বর্বরোচিত হামলা ও তাঁর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতির ওপর এক মারাত্মক আঘাত। পাহাড়ের সাধারণ মানুষ ও সচেতন সমাজকে জিম্মি করে ইউপিডিএফ যে কায়দায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, তা কোনোভাবেই বরদাশত করা যায় না।”
তিনি অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইউপিডিএফ কর্মীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে উজ্জ্বল মারমা ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান।
বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সকল জাতি-গোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়। বার্তা প্রেরক: জীবন চাক, সাধারণ সম্পাদক, সিএইচটি সম্প্রীতি জোট কেন্দ্রীয় নির্বাহী কমিটি।