খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির তবলছড়ির ঢাল্যে ছড়াপাড়ায় পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (মূল) একটি আস্তানায় অভিযান চালিয়ে একটি রাইফেল, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত তবলছড়ির ঢাল্যে চারাপাড়ায় ইউপিডিএফ (এম)-এর একটি আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
অভিযানকালে একটি জি-৩ (G-3) রাইফেল, ১১ রাউন্ড তাজা গোলাবারুদ, ৭টি ব্যবহৃত কার্তুজের খোসা, চাঁদা আদায়ের একটি রসিদ বই, একটি সোলার প্যানেল, ৫টি ডিসি-টু-এসি (DC-to-AC) কনভার্টার এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রী উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিলন চাকমার নেতৃত্বে ৮ থেকে ১২ জন সশস্ত্র ইউপিডিএফ (এম) সদস্য ওই এলাকার একটি টিনশেড ঘরে অবস্থান করছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা ৭ থেকে ১০ রাউন্ড গুলি চালায়। এ সময় সেনাবাহিনী পাল্টা গুলি চালালে সশস্ত্র সদস্যরা এলাকা থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনাবাহিনীর অভিযানকারী দল ওই স্থান ও পরিত্যক্ত আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।