মহালছড়ি প্রতিনিধি: ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে এসে এক বুক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরেছিলেন তরুণ আনসার সদস্য মো. ফরহাদ। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই ছুটিই তার জীবনের শেষ ছুটি হয়ে রইল। শনিবার (২ মে) সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. ফরহাদ (আইডি নং- ৯৫৪২৪) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ‘সামিট মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’-এ অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। গত ১ মে তিনি ৫ দিনের ছুটি নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি গ্রামের নিজ বাড়িতে আসেন। আজ শনিবার সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর অবস্থায় স্বজনরা তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল অল্প, এবং তিনি অবিবাহিত ছিলেন।
আজিবর রহমানের পুত্র ফরহাদের এই আকস্মিক মৃত্যুতে লেমুছড়ি গ্রামসহ পুরো মহালছড়ি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও এলাকাবাসী তাকে একজন দায়িত্বশীল ও বিনয়ী মানুষ হিসেবে স্মরণ করছেন।