রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার কালাডেবা বাজারে বিএমডিসি নিবন্ধনহীন এক ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৩ মে রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, কালাডেবা বাজারের ‘সাকিব মেডিকেল হল’ নামক ফার্মেসির সত্ত্বাধিকারী মো: শহিদুল ইসলাম (৪২) দীর্ঘদিন ধরে কোনো এমবিবিএস ডিগ্রি বা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-র নিবন্ধন ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আসছিলেন। তিনি সাইনবোর্ড ও প্যাডে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শহিদুল ইসলামকে ৪০ হাজার (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ প্রতিনিধিকে জানান, এমবিবিএস ও বিএমডিসি নিবন্ধন ছাড়া নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ভুয়া চিকিৎসকের কাছে সেবা নিলে রোগীদের স্থায়ী স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুঝুঁকিও থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: রুবায়েতুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা, রামগড় থানা পুলিশের একটি চৌকস টিম।