রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
আজ ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় বৃষ্টি উপেক্ষা করে রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটির গৌরবোজ্জ্বল ইতিহাস ও আদর্শের কথা স্মরণ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, জিয়াউর রহমান রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেছিলেন। তাঁর আদর্শকে ধারণ করে রামগড় উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
পরে শিল্পী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।