শান্তি পরিবহনকে সাইড দিতে গিয়ে আলুটিলায় দুর্ঘটনার কবলে মালবোঝাই ট্রাক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির আলুটিলা ওঠার পথে আর্মড পুলিশ ক্যাম্পের মোড়ে সড়কের ভাঙা অংশে পড়ে একটি মালবোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসা শান্তি পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে মালবোঝাই ট্রাকটি সড়কের ভাঙা অংশে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে হেলে পড়ে এবং যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, আর্মড পুলিশ ক্যাম্পের মোড় সংলগ্ন সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সড়ক ও জনপথ বিভাগের যথাযথ তদারকি ও সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

স্থানীয়রা আরও জানান, সড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চললেও দুর্ঘটনা প্রবণ এই অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের বাইরে রয়েছে। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী ছোট-বড় যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে সাইড দেওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

সড়কের ভাঙা অংশ দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পরিদর্শন করে ভাঙা অংশ সংস্কার এবং যানবাহন চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে, এমনটাই প্রত্যাশা যাত্রী সাধারণের।