খাগড়াছড়ির রাশেদুল হক পার্বত্য মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ

শেয়ার করুন
পাহাড়ের আলো ডেস্ক ;  খাগড়াছড়ির সন্তান উপ-সচিব মোহাম্মদ রাশেদুল হক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন (পরিচিতি নম্বর-৬৮১৩)।

গত ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ রাশেদুল হককে তার বর্তমান পদ উপসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, পদায়ন বিন্যস্ত) থেকে বদলি পূর্বক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে কাজ করবেন।
রাশেদুল হক ২০০৬ সালের ১ মার্চ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ লাভ করেন। একই বছরের ২ এপ্রিল ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।
পদোন্নতির পর ২০১৬ সালের ২২ নভেম্বর থেকে ২০১৮ সালের ২৬ জুন পর্যন্ত রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেন তিনি।
২০১৮ সালের ৮ জুলাই তিনি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্ক ফোর্স কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রেষণে যোগদান করেন।
পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এরপর চলতি বছরের ১৭ আগস্ট ক্যাডার পরিবর্তনের মাধ্যমে সরকারের উপসচিব পদে নিয়োগ পান।
প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় নতুন দায়িত্বে রাশেদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।