খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ফার্মেসি ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পানছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জনপ্রিয় ফার্মেসিকে ২ হাজার টাকা এবং শেফালী ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে জনপ্রিয় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি পিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এছাড়া শেফালী ট্রেডার্সেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, জনপ্রিয় ফার্মেসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগে থেকেই ছিল। প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্কও করা হয়েছিল।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “জনপ্রিয় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া গেছে। এছাড়া শেফালী ট্রেডার্স থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।”
তিনি বলেন, ওষুধের মান ও মেয়াদ নিশ্চিত না করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমান এবং পানছড়ি থানার সাব-ইন্সপেক্টর সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন।