পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি-সম্প্রীতি কমিটিকে অভিনন্দন খাগড়াছড়ি নাগরিক পরিষদের

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম নির্বাহী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনগুলো।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিনন্দন জানানো হয়। পিসিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতাকে বিবেচনায় নিয়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে জাতীয়, নির্বাহী ও পরামর্শক পর্যায়ে পৃথক কমিটি গঠন সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বার্থ, শান্তি-শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নবগঠিত কমিটিগুলো কাজ করবে—এটাই তাদের প্রত্যাশা। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক সমাধান এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন, রবিউল হোসেন ও মো. এরশাদ হোসেন,পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখা’র সভাপতি মুজাহিদুল ইসলাম। এছাড়া পিসিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করতে সরকার, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে। নবগঠিত কমিটিগুলো পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে,এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।