মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান

শেয়ার করুন
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়ছড়ি জেলার মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় পরবর্তীতে আরো সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়।

১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা ধর্মঘর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিকভাবে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, মানিকছড়িতে দ্রুত একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।