খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি: সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রীর ঢাকায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধনের পর খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম।

কর্মসূচিতে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানায়।

পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।