মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ছিলো লোকদেখানো, সরকারি কার্যক্রমকে বৃদ্ধাঙ্গুলি

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি:  ​দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় মহালছড়ি উপজেলায়ও এর সূচনা হওয়ার কথা থাকলেও, তা অত্যন্ত দায়িত্বহীনতা ও লোকদেখানো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের মাত্র দুজন দপ্তর প্রধানের উপস্থিতি ছাড়া বাকি প্রায় সব দপ্তরের প্রধানের অনুপস্থিতিতে অত্যন্ত তড়িঘড়ি করে নামেমাত্র এই কর্মসূচিটি পালন করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য বিষয়ক এমন একটি সংবেদনশীল কর্মসূচিতে দায়িত্বশীল কর্মকর্তাদের এই বরদাশতযোগ্য নয় এমন অনুপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।

খোদ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ও উদ্বোধিত এই বিশাল সরকারি কর্মসূচিতে মহালছড়ি উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের প্রধান, হাসপাতাল কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ—এককথায় উপজেলার কোনো প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত দেখা যায়নি।

​অনুষ্ঠানের নামে কেবল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরএমপি প্রকল্পের ৫ থেকে ৬ জন নারী শ্রমিক এবং ৮ থেকে ১০ জন যুব রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যকে সঙ্গে নিয়ে ওসি-এলএসডি ও মহালছড়ি সমবায় অফিসার একটি ব্যানার ধরে কেবল একটি ফটোসেশন সম্পন্ন করেন। এরপর কোনো ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম বা পরিচ্ছন্নতা অভিযান না চালিয়েই তাঁরা তড়িঘড়ি করে উপজেলা চত্বর ত্যাগ করেন।

​জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এমন একটি সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল মহলের এমন উদাসীনতা ও লোকদেখানো কার্যক্রমকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার অবমাননা এবং চরম দায়িত্বহীনতা বলে মনে করছেন এলাকার অভিজ্ঞ ও সচেতন মহল। জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত প্রশাসনিক জবাবদিহিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।