(খাগড়াছড়ি) প্রতিনিধি::
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও কার্যকর ‘বায়োপেস্টিসাইড’ বা জৈব বালাইনাশকের ব্যবহার বিষয়ক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক এগ্রো এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক চট্টগ্রাম রিজিয়নের সেলস ম্যানেজার মোঃ সোহেল সিকদার। তিনি কৃষকদের উদ্দেশে ব্র্যাকের গুণগত মানসম্পন্ন বীজের উপযোগিতা ব্যাখ্যা করে বলেন, “কৃষকের সমৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই ব্র্যাকের মূল লক্ষ্য।” এ সময় তিনি ব্র্যাকের উৎপাদিত বিভিন্ন উন্নত জাতের সবজির পরিচিতি এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে কীভাবে অধিক লাভবান হওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় জৈব বালাইনাশকের প্রয়োজনীয়তা ও ব্যবহারবিধি সম্পর্কে কারিগরি ধারণা প্রদান করেন চট্টগ্রাম থেকে আগত ম্যানেজার মোঃ সাহেল শিকদার। তিনি রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত ফসল উৎপাদনের ওপর জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ইউনুছ বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় আমাদের রাসায়নিক বিষের ওপর নির্ভরতা কমিয়ে আনতে হবে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্র্যাকের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কৃষকদের এ বিষয়ে সচেতন হওয়া এখন সময়ের দাবি।”
ব্র্যাক প্রতিনিধিরা জানান, সিড বা বীজ উৎপাদন ও বিপণন ছাড়াও ব্র্যাক বর্তমানে দেশের মানুষের জীবনমান উন্নয়নে মোট ২৭টি বহুমুখী কর্মসূচি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি আলু, ধান, ভুট্টা, সরিষা, সূর্যমুখীসহ প্রায় সব ধরনের শাক-সবজি ও ফলমূলের উন্নত বীজ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।
কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর এলাকার প্রায় ৪০ জন মডেল কৃষকসহ সর্বমোট ৫০ জন কৃষক অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টেরিটরি সেলস অফিসার মোঃ সাইফুল ইসলাম এবং মাটিরাঙ্গা বাজারের ব্র্যাক ডিলার আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত মানের সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।