রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেয়ার করুন

​রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ​সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়েও শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার (১৩ জুন) দুপুরে রামগড় উপজেলা শিশু কানন ও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে স্থানীয়ভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ​

দুপুর আড়াইটার দিকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম। তিনি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, রামগড় প্রেসক্লাবের সহ-সভাপতি শুভাশীষ দাস এবং যুগ্ম- সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ। ​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার থেকে ভার্চুয়ালি এই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের এই মহতী উদ্যোগে দেশবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ​এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড় পৌরসভাসহ উপজেলার ১ ও ২ নং ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।