রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: খাগড়াছড়ি’র রামগড় সীমান্ত এলাকায় মাদক, জুয়া, অবৈধ অনুপ্রবেশ (পুশিং) ও চোরাচালানসহ নানাবিধ অপরাধ নির্মূলে স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছে ৪৩ বিজিবি রামগড় জোন। সীমান্ত সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহ:বার (১৮ জুন) সকাল ১১টায় ৪৩ বিজিবি জোন সদর দপ্তর বাস্কেট সেটে এ মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪৩ বিজিবির অধিনায়ক রামগড় জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানউল ইসলাম, বিজিওএম, পিএসসি।
সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সজাগ দৃষ্টি। মাদক, চোরাচালান ও অনুপ্রবেশের মতো অপরাধ প্রতিরোধে বিজিবি এবং স্থানীয় জনগণের মধ্যে দৃঢ় সমন্বয় প্রয়োজন বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তবে সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে হলে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। তিনি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য উপস্থিত সকল স্তরের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
সভায় ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মইনুল আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (এডি) সামছুল হক ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলমসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, এনসিপি সভাপতি মো. হারুনুর রশীদ এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলমসহ স্থানীয় সাংবাদিক, হেডম্যান-কার্বারী, ব্যবসায়ী প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।