গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থিত আনসার ব্যাটালিয়নের সামনে রাস্তার পাশে খালি জায়গা থেকে চুরি যাওয়া তিনটি গরু পুলিশ আজ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছে।
এ ঘটনায় পুলিশ আমীর হোসেন(২৬) নামক এক গরু চোরকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ মোঃ আবদুর রহিম বাপ্পি(২৮)গুইমারা থানায় হাজির হয়ে বিবাদী মোঃ আমির হোসেন(২৬)এর বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, বাদী কৃষি কাজসহ গরু লালন পালন করেই জীবিকা নির্বাহ করেন। তার মোট ৩টি গরু আছে। ১টি গাভী গরু ও ২টি বাছুর গরু। যার বাজার মৃল্য আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা ।
গত শুক্রবার দুপুর অনুমান আড়াই ঘটিকার সময় বাদী প্রতিদিনের ন্যায় উক্ত গরু গুলোকে গুইমারা থানাধীন ০২নং হাফছড়ি ইউপির ০১নং ওয়ার্ডস্থ আনসার ব্যাটালিয়নের সামনে রাস্তার পাশে খালি জায়গায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে বাড়ীতে চলে যায়। একই তারিখ সন্ধ্যা অনুমান ছয়টায় উক্ত স্থানে গরু নেওয়ার জন্য এসে দেখতে পায় গরু গুলো ঘটনাস্থল ও আশপাশ এলাকার কোথাও নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে এবং অবশেষে ১২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে আটটায় গুইমারা থানা পুলিশ গোপন সুত্রের মাধ্যমে জানতে পারে যে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি ৩টি গরু নিয়ে মহালছড়ির দিকে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩টি গরুসহ এক ব্যক্তিকে সাংগুলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে জনসাধারণের সহায়তায় আটক করে। আটককৃত ব্যক্তিকে গরুগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করলে সে তখন সদোত্তর দিতে পারেনি। ঘটনাস্থল হতে পুলিশ বিভিন্ন জায়গায় সংবাদ প্রদান করলে উক্ত সংবাদের প্রেক্ষিতে মোঃ আবদুর রহিম বাপ্পি(২৮) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত গরু গুলো তার চুরি যাওয়া গরু মর্মে সনাক্ত করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে গরু তিনটিকে জব্দ করেন এবং আসামী আমির হোসেন(২৬), পিতা- মো: নুরুজ্জামান, সাং- জালিয়াপাড়া,২নং হাফছড়ি ইউপি থানা, গুইমারা, জেলা- খাগড়াছড়িকে আটক করেন। জব্দকৃত গরু তিনটি ও আটক গরুচোর আসামীকে নিয়ে থানায় হাজির হলে গরুর মালিক মোঃ আবদুর রহিম বাপ্পি(২৮) গুইমারা থানায় এজাহার দায়ের করেন। বাদীর উক্ত এজাহারের ভিত্তিতে গুইমারা থানায় মামলা (যার নং- ০১, তারিখ: ১২/০৯/২০২৬ খ্রি:,বিপিসি ধারা- ৩৭৯/৪১১) রুজু হয়েছে।