লক্ষ্মীছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: ​ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীছড়িতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশকে সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দেশবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’, ‘রেড ক্রিসেন্ট’ এবং ‘লক্ষ্মীছড়ি ব্লাড ডোনারস’-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে অভিযানের সাথে সংহতি প্রকাশ করেন।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা র্যালি বের হয়। র্যালি পরবর্তী যৌথ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং একটি পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।