স্টাফ রিপোর্টার: খাগড়ছড়ি জেলার লক্ষীছড়ি জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে ১হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে জিওসি, ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রায় ১ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ধারাবাহিকতায় লক্ষীছড়ি জোন বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে ১৯ জুন সকাল ১০ঘটিকায় লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে লক্ষীছড়ি উপজেলার ১০টি পাড়া থেকে আগত প্রায় ২০০ জন পাহাড়ি ও বাঙালিদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির মোট ১হাজার ৫০০টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
উক্ত বৃক্ষরোপন অভিযান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি পাহাড়ি এবং বাঙালিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি সকলকে পরিবেশ সংরক্ষণ, বনায়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নিজ নিজ এলাকায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের আহ্বান জানান।
জোন কমান্ডার আরোও বলেন, “বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিক্ষয় রোধ, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করে। পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন সম্ভব হবে, অন্যদিকে স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
পাহাড়ি ও বাঙালি উপকারভোগীরা বিনামূল্যে চারা পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং পরিবেশ সংরক্ষণ, জনকল্যাণ ও উন্নয়নে লক্ষীছড়ি জোনের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।