জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মহালছড়িতে বৃক্ষরোপণ উৎসব

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: ১৩ জুন শনিবার সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ব্যাপক সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শনিবার (১৩ জুন) এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আনছার হোসেন, মহালছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও সাংবাদিক, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য এলাকার মতো মহালছড়িতেও বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে।